পিরোজপুরের নেছারাবাদে গাঁজা সেবনের অপরাধে সাইফুল ইসলাম আরিফ (২১) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ সংলগ্ন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে সাইফুল ইসলাম আরিফকে আটক করা হয়। পরে অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেছারাবাদ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান মাহামুদ।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির আলোকে নেছারাবাদে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন, বহন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









