পূর্ব সুন্দরবনে শিকারীর ফাঁদে আটকে পড়া রয়েল বেঙ্গল টাইগারটিকে ৬ মাস ধরে প্রয়োজনীয় চিকিৎসা ও নিবিড় পরিচর্যার পর সুন্দরবনে ফিরিয়ে দেয়া হলো।
রবিবার (১২ জুলাই) আনুষ্ঠানিকভাবে তার আবাসস্থল সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকায় অবমুক্ত করে দেয়া হয়। তবে বাঘিনীর নিরপত্তা ও গতিবিধি দেখার জন্য সন্নিহিত বনাঞ্চলের ৮ কিলোমিটার জুড়ে ২০টি ট্রাপিং ক্যামেরা বসানো হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছরের ৩ জানুয়ারী দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের শরকির খালের অদুরে শিকারীদের পেতে রাখা হরিণ ধরার ছিটকা ফাঁদে আটকা পড়ে এই বাঘিনী। গুরুত্বর আহত অবস্থায় বন বিভাগের বিশেষজ্ঞ দল ৪ জানুয়ারি বাঘটিকে উদ্ধার করে খুলনার বয়রাস্থ বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসনকেন্দ্রে নিয়ে যায়। সেখানে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড বাঘিনীকে নিয়মিত চিকিৎসা ও নিবিড় পরিচর্যা করেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, “খুলনা থেকে জলযানে বাঘটিকে সুন্দরবনে এনে চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকায় অবমুক্ত করে দেয়া হয়েছে।”
বাঘটি অবমুক্তির সময় বাংলাদেশ সরকারের বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডঃ শেখ ফরিদুল ইসলামসহ বন্যপ্রাণী বিশেষজ্ঞ, প্রশাসন ও বনবিভাগ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, ৪ জানুয়ারী সুন্দরবন থেকে উদ্ধারের সময় বাঘটি গুরুতর আহত অবস্থায় ছিলো। বাঘিনীটির সামনের বাঁ পায়ে ৩ ইঞ্চির মতো জায়গায় চামড়া, মাংশপেশি ও শিরা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফাঁদের রশিতে কেটে ক্ষত হয়ে পচন ধরেছিল। ৬ মাসের চিকিৎসা ও নিবিড় পরিচর্যায় বাঘিনীটি এখন পুরোপুরি সুস্থ্য।
বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ বলেন, সুস্থ্য হয়ে বাঘিনীটি আগের চেহারায় ফিরেছে। ৯ ফুট দৈর্ঘ্যের বাঘিনীর ওজন বেড়ে হয়েছে ৯০ কেজি। তার ক্ষিপ্রতা ও কিছুটা বেড়েছে। সে এখন শিকার ধরে খেতে পারবে।
বাঘটিকে বনে ছাড়ার পরে সুন্দরবনে গতিবিধি পর্যবেক্ষনের জন্য তার গলায় একটি স্যাটেলাইট রেডিও কলার পরানোর সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু কিছু জটিলতার কারনে বিদেশ থেকে সেটি আনা সম্ভব হয়নি। বিকল্প হিসাবে বিশেষজ্ঞদের পরামর্শে ক্যামেরা ট্রাপিং এর জন্য আন্ধারমানিক এলাকার বনাঞ্চলের ৮ কিলোমিটার জুড়ে ২০টি সয়ংসক্রিয় গোপন ক্যামেরা বসানো হয়েছে।
এই ক্যামেরার মাধ্যমে বাঘ বিশেষজ্ঞরা আগামী এক বছর বাঘটির নিরাপত্তা, জীবনাচরণ ও গতিবিধি পর্যবেক্ষণ করবে বলে জানান তিনি ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









