মানিকগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ৭৭৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) পেয়েছে ৩০৬ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪৭১ জন। সাত উপজেলার মধ্যে সবচেয়ে বেশি বৃত্তি পেয়েছে মানিকগঞ্জ সদর উপজেলার শিক্ষার্থীরা।
রবিবার (১২ জুলাই) প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের পর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া ৩০৬ শিক্ষার্থীর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬৫ জন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪১ জন। অন্যদিকে সাধারণ বৃত্তি পাওয়া ৪৭১ শিক্ষার্থীর মধ্যে সরকারি বিদ্যালয়ের ৪০৯ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৬২ জন।
উপজেলাভিত্তিক ফলাফলে দেখা যায়, মানিকগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ২১৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এরপর সিংগাইর উপজেলায় ১৩৮ জন, সাটুরিয়ায় ১০১ জন, হরিরামপুরে ১০০ জন, ঘিওরে ৭৮ জন, দৌলতপুরে ৭১ জন এবং শিবালয়ে ৬৯ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।
জেলায় বর্তমানে মোট প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫১টি। এর মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ১২১টি, দৌলতপুরে ১০০টি, সিংগাইরে ৯৭টি, হরিরামপুরে ৮৯টি, ঘিওরে ৮৫টি, সাটুরিয়ায় ৮০টি এবং শিবালয়ে ৭৯টি বিদ্যালয় রয়েছে।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যালয়ের সংখ্যা বেশি হওয়ায় সদর উপজেলায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও তুলনামূলক বেশি।
শিক্ষা কর্মকর্তারা মনে করছেন, নিয়মিত পাঠদান, শিক্ষকদের নিবিড় তদারকি, অভিভাবকদের সচেতনতা এবং বিদ্যালয়ভিত্তিক প্রস্তুতির কারণে এবার সন্তোষজনক ফল এসেছে। তবে পিছিয়ে থাকা উপজেলার শিক্ষার্থীদের আরও ভালো ফল অর্জনে পাঠদানের মানোন্নয়ন ও বিশেষ প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
এ বিষয়ে বক্তব্য জানতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে বিদ্যালয়ভিত্তিক বৃত্তির ফলাফল জানা সম্ভব হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









