সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের কালিশাকান্দা নয়াপাড়া এলাকায় হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে নিখোঁজ হওয়া পর জয় সরকার (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত জয় সরকার ওই গ্রামের বিনয় সরকারের ছেলে।
শনিবার (১১ জুলাই) দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির পাশের হাওরে নৌকায় করে মাছ ধরতে যায় জয়। একপর্যায়ে অসাবধানতাবশত নৌকা থেকে পানিতে পড়ে সে নিখোঁজ হয়।
ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা নৌকা নিয়ে দীর্ঘ সময় ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি। পরে রবিবার (১২ জুলাই) দুপুরে, প্রায় ২৪ ঘণ্টা পর ঘটনাস্থলের অদূরে পানিতে জয়ের মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহীন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









