ময়মনসিংহের তারাকান্দায় মামলা করতে যাওয়ার পথে মোটরসাইকেল আটকে আক্রাম মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনার আগে চাচা আক্রাম মিয়া ভাতিজা আলামিনকে হাতুড়ি দিয়ে আঘাত করেন বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (১২ জুলাই) বিকেলে উপজেলার রামপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের জব্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত আক্রাম মিয়া উপজেলার বিষকা ইউনিয়নের নগুয়া গ্রামের ওসমান গণির ছেলে। অভিযুক্ত আলামিন নিহতের ভাতিজা।
তারাকান্দা থানার ওসি মো. আব্দুর রাশিদ ভাতিজার হাতে চাচা হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আক্রাম মিয়ার সঙ্গে ভাতিজা আলামিনের বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার সালিশ হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি।
ঘটনার দিন আক্রাম মিয়া মামলা করতে ময়মনসিংহ শহরে যাচ্ছিলেন। পথে রামপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের জব্বারের বাড়ির সামনে আলামিন কয়েকজনকে সঙ্গে নিয়ে আক্রাম মিয়ার মোটরসাইকেলের গতিরোধ করেন। এ সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে আক্রাম মিয়া হাতুড়ি দিয়ে আলামিনকে আঘাত করেন। পরে আলামিন কোমর থেকে ছুরি বের করে আক্রাম মিয়ার বুকের পাশে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই আক্রাম মিয়ার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তারাকান্দা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি মো. আব্দুর রাশিদ বলেন, ‘‘ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









