নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পুলিশের পরিচয়ে ৩২০ বস্তা চিনি বোঝাই একটি ট্রাক ডাকাতির ঘটনার ১০ দিন পর তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া ৪৪ বস্তা চিনি এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) দিবাগত রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ঢাকার কদমতলী এলাকার আবুল হাশেমের ছেলে সুমন, নরসিংদীর রায়পুরা উপজেলার মৃত শহিদুল ইসলামের ছেলে ওমর ফারুক এবং পটুয়াখালীর দুমকি উপজেলার মৃত মান্নান মিয়ার ছেলে শহীদ মীর।
রবিবার (১২ জুলাই) বিকেলে রূপগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গত ২ জুলাই সোনারগাঁ থেকে সিলেটগামী ৩২০ বস্তা চিনি বহনকারী একটি ট্রাক রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার এশিয়ান হাইওয়ে সড়কে পৌঁছালে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একদল ডাকাত ট্রাকটি থামায়। পরে ট্রাকচালক ও তার সহকারীকে অজ্ঞান করে ট্রাকসহ পুরো চিনির চালান ছিনিয়ে নিয়ে যায় তারা।
তিনি বলেন, ‘‘ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতি হওয়া ৪৪ বস্তা চিনি উদ্ধার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।’’
ওসি আরও জানান, ডাকাতির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া চিনি আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে।
গ্রেপ্তার তিন আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









