ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
সোমবার (১৩ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মোছা. হাসিনা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় একতা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করেছেন।
তিনি আরও জানান, অল্প সময়ের মধ্যেই আরও উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি উদ্ধার এবং রেলপথ সচল করার কাজ শুরু করবে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।
দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









