সরকারি একটি নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ঢাকা গিয়েছিলেন মাহবুব সারওয়ার রাজন (২৫)। পরীক্ষা শেষে ট্রেনে চড়ে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু সেই যাত্রাই যে তার জীবনের শেষ সফর হবে, তা কেউ ভাবেনি! নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের বাহুবল উপজেলার রেললাইনের পাশ থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গেছে, সরকারি একটি নিয়োগ পরীক্ষায় অংশ নিতে কয়েক দিন আগে ঢাকায় যান রাজন। এর পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার পরীক্ষা শেষে রাতে ঢাকাগামী 'উপবন এক্সপ্রেস' ট্রেনে সিলেটের উদ্দেশে রওনা দেওয়ার কথা তিনি মোবাইল ফোনে পরিবারকে জানান। কিন্তু এরপর থেকেই তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
নিহত রাজন সিলেটের জকিগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গন্ধদত্ত গ্রামের বাসিন্দা আবুল কালাম ওরফে কালু মিয়ার ছেলে। মাত্র আট মাস আগে বিয়ে করেছিলেন এই তরুণ। তার এমন অকাল ও রহস্যজনক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
রাজনের বড় ভাই মাহবুব হাসান মুন্না বলেন, “গতকাল রবিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারের খবর ও ছবি দেখে আমাদের সন্দেহ হয়। পরে হবিগঞ্জে গিয়ে নিশ্চিত হই, উদ্ধার হওয়া মরদেহটি আমার ভাই রাজনের।”
রাজনের চাচা কামরুল ইসলাম বুলবুল দাবি করেন, “কীভাবে রাজনের মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আমরা ঘটনার প্রকৃত কারণ জানতে সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।”
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রাশেদ পারভেজ ছায়িম বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য আলামত ও তথ্য বিশ্লেষণের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”
এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “বিষয়টি তাদের নজরে এসেছে। পুলিশের পক্ষ থেকে রাজনের পরিবারকে সব রকমের সহযোগিতা করা হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









