ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। নিহত জাহিদ হাসান বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায়।
সোমবার (১৩ জুলাই) দুপুরে টাঙ্গাইল থেকে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। সোমবার রাতে তার সহপাঠীরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সহপাঠীরা জানান, টাঙ্গাইলে একটি বিয়ের দাওয়াতে অংশ নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে ক্যাম্পাসে ফিরছিলেন জাহিদ। পথে একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. আলিম মিয়া যুগান্তরকে বলেন, "জাহিদ একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ে ফিরছিল। পথে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"
এদিকে, জাহিদ হাসানের জানাজায় অংশ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার সকাল ৬টায় একটি বাসের ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. আহমেদ শাকিল হাসমী বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে এ বাসের ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, জানাজায় অংশ নিতে আগ্রহীদের ইএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. আলিম মিয়ার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
জাহিদের অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও সহপাঠীরা শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









