নাটোরের গুরুদাসপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার সব সরকারি, আধা-সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ভবনে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেয় প্রশাসন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কানিজ ফাতিমা, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম দুদু সরদার, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী এবং বিএনপি নেতা মনিরুজ্জামান হেনাসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি, জাতীয় ঐক্য এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি উপলক্ষে বাদ জোহর উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া, মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









