১৮ জুলাই নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রীকে ঢুকতে না দেওয়ার হুমকি দিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা দিতে বাধ্য করার প্রতিবাদে এ হুঁশিয়ারি দেন তারা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় জেলা শিক্ষাভবনের সামনে ‘এইচএসসি ২০২৬ ব্যাচ’-এর শিক্ষার্থীদের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলার সাধারণ শিক্ষার্থীরা। এ সময় সড়কে নেমে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবি জানান বিক্ষুব্ধরা।
তাদের সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধনে অংশ নেন অন্য শ্রেণির শিক্ষার্থীরাও।
এ সময় দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা এবং বৈরী আবহাওয়ায় পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ নিশ্চিতসহ সব দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। দাবি না মানলে আগামীতে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
আন্দোলনরতরা হুঁশিয়ারি দেন, আগামী ১৮ জুলাই শিক্ষামন্ত্রী নওগাঁ সফরে এলে তাকে জেলায় ঢুকতে দেওয়া হবে না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









