বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণের প্রতিবাদে তিন দফা দাবিতে চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানান।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ষোলশহর এলাকায় জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো হলো, বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, ১২ ও ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা এবং বৃষ্টিতে নষ্ট বা হারিয়ে যাওয়া প্রবেশপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত পুনরায় সরবরাহ করা।
শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা পেছানোর দাবি উপেক্ষা করে পরীক্ষা নেওয়ায় অনেক পরীক্ষার্থী চরম ভোগান্তির শিকার হয়েছেন। টানা বৃষ্টির মধ্যে পরীক্ষাকেন্দ্রে যেতে গিয়ে কেউ অসুস্থ হয়েছেন, আবার অনেকের ক্যালকুলেটর, প্রবেশপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া অমানবিক। একই সঙ্গে সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট অঞ্চলের শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক সিদ্ধান্ত না নেওয়ারও দাবি জানান তারা। এছাড়া বন্যাকবলিত এলাকার স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি দ্রুত ঘোষণার আহ্বান জানান।
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ‘‘ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









