সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরে স্মরণসভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে জাতীয় যুব সংহতি।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে জামালপুর শহরের তমালতলা এলাকায় জাতীয় যুব সংহতি, জামালপুর জেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জাতীয় যুব সংহতি জামালপুর জেলা শাখার আহ্বায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য দেন জেলা যুব সংহতির সদস্য সচিব এ এম জিল্লুর রহমান জনি, পৌর যুব সংহতির সদস্য সচিব ইব্রাহিম, আরিফুল ইসলামসহ জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ দেশের অবকাঠামোগত উন্নয়ন, পল্লী জনপদের অগ্রগতি এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার রাজনৈতিক অবদান ও উন্নয়ন কর্মকাণ্ড আজও মানুষের কাছে স্মরণীয় হয়ে রয়েছে।
তারা হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার আদর্শ ধারণ করে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
পরে এরশাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাঁচ শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া দিনব্যাপী সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণের কর্মসূচি অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









