দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ১২৭ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ২ হাজার ২৬০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা, ২৫ কেজি করে জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে বীজ ও চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফতেহা তুজ জোহরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা খাতুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণ কৃষ্ণ ঘরমী এবং উপজেলা বিএনপির সদস্য মো. মেসবাহুল হক। এছাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফতেহা তুজ জোহরা বলেন, “সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির লক্ষ্য কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণকে উৎসাহিত করা। কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে সরকার বিভিন্ন ধরনের সহায়তা অব্যাহত রেখেছে।”
পরে ৩২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং ১২৭ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জৈব সার, বাঁশের খুঁটি ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









