লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের গাজীনগর বাজারে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৪ জুন) মোবাইল কোর্ট পরিচালনা করেন রায়পুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।
অভিযানে গাজীনগর বাজারের দীপ্ত মেডিকেল হল ও রিয়াদ ফার্মেসিকে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(ঘ) ও ৪০(গ) ধারায় যথাক্রমে ২০ হাজার টাকা এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানের সময় জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মামুনুর রশিদ, ঔষধ প্রশাসন অধিদপ্তরের জেলা কার্যালয়, লক্ষ্মীপুরের তত্ত্বাবধায়ক এবং রায়পুর থানা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
অভিযান শেষে দীপ্ত মেডিকেল হল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিককে প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে পরদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা বলেন, “জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









