যশোরের চৌগাছা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের প্রায় ২৫০টি পরিবার দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার যন্ত্রণায় মানবেতর জীবনযাপন করছে। অথচ এসব পরিবারের বাসিন্দারা নিয়মিত পৌর কর, হোল্ডিং ট্যাক্স, পানির বিলসহ সব ধরনের সরকারি নির্ধারিত ফি পরিশোধ করলেও পাচ্ছেন না ন্যূনতম নাগরিক সুবিধা। ক্ষোভ, হতাশা ও বঞ্চনার কথা তুলে ধরে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা পানির নিচে তলিয়ে যায়। ঘরের ভেতর পানি ঢুকে পড়ায় রান্নাবান্না, শিশুদের পড়াশোনা, বৃদ্ধ ও অসুস্থদের চলাফেরা চরমভাবে ব্যাহত হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করছেন।
বক্তারা অভিযোগ করে বলেন, “পৌরসভা নিয়মিত কর নেয়, পানির বিল নেয়, কিন্তু নাগরিক সুবিধার বেলায় আমরা অবহেলিত। বছরের পর বছর জলাবদ্ধতায় ভুগলেও সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। আমরা কি শুধু কর দেওয়ার জন্যই নাগরিক?”
মানববন্ধন শেষে এলাকাবাসী শতাধিক স্বাক্ষরসংবলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইসলামের কাছে জমা দেন। এ সময় অনেক বাসিন্দা আবেগাপ্লুত হয়ে নিজেদের দুর্ভোগের কথা তুলে ধরেন। কেউ বলেন, ঘরে পানি থাকায় শিশুদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন, আবার কেউ বলেন, বর্ষা এলেই তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে।
স্মারকলিপিতে দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং ২ নম্বর ওয়ার্ডের অবহেলিত জনগণের জন্য প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়।
ইউএনও ফারহানা ইসলাম এলাকাবাসীর অভিযোগ ও দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এলাকাবাসীর একটাই প্রশ্ন—নিয়মিত কর ও বিল পরিশোধের পরও যদি বছরের পর বছর পানিবন্দি থাকতে হয়, তাহলে নাগরিক হিসেবে তাদের প্রাপ্য সুবিধা কোথায়? এখন তাদের একমাত্র প্রত্যাশা, কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান ঘটাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









