সুনামগঞ্জের দিরাইয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির অপরাধে চার ফার্মেসিকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের থানা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হাসান সৌরভ।
এ অভিযানে সুনামগঞ্জ ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মিঠুন সাহা এবং থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা গেছে, পৌর শহরের থানা রোডের ৪টি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও ফ্রিজে সঠিক তাপমাত্রায় ঔষধ না রাখাসহ ফার্মেসির বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও ঔষধ আইনে ওই রোডের অনুকূল ফার্মেসিকে ৩০ হাজার টাকা, লতিফ ফার্মেসিকে ২০ হাজার টাকা, দিরাই ফার্মাকে ২০ হাজার টাকা, এবং থানা রোডের সেন মার্কেটের পি,টি রায় ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.জিয়াউল হাসান সৌরভ জানান, “জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









