রাজশাহীতে দুই শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বের জেরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ বাস চলাচল বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে সাধারণ যাত্রীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে রাজশাহী- চাঁপাইনববগঞ্জ রুটে কিছু বাস চলাচল করলেও, বেলা ১১টার পর থেকে তা বন্ধ রয়েছে। ছেড়ে যায়নি ঢাকা রুটের বাসগুলোও। এতে করে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
জানা গেছে, রাজশাহীতে বাস শ্রমিকদের দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তঃজেলা রুটের সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান জানান, এটা রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে বাস চলাচল বন্ধ রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-এর বিষয় না হলেও, রাজশাহী থেকে যেহেতু বন্ধ তাই চাঁপাইনবাবগঞ্জ থেকে কোন বাস চলাচল করছে না।
রাজশাহী যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে অবস্থানরত শরিফা বেগম জানান, শ্রমিকদের দুপক্ষের দ্বন্দ্বের কারণে প্রায়শই রাজশাহী যেতে অসুবিধা হচ্ছে। বিষয়টি প্রশাসনের দেখা উচিত।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন জানান, রাজশাহী দু’পক্ষের বাস শ্রমিকদের দ্বন্দ্বের জেরে মূলত বাস চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে জানান।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, রাজশাহীর দু’শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী বাস চলাচল বন্ধ রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাস চলাচল বন্ধ ছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









