পাবনার ফরিদপুর উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার রাত ১১টায় পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সে পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
তিনি জানান, রেঞ্জ ডিআইজির নির্দেশনায় জেলা পুলিশের চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় ফরিদপুর থানার পুলিশ গোবিন্দপুর মোড় এলাকায় একটি চেকপোস্ট পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি সিলভার রঙের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে গাড়ির পেছনের ডালার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো খুলে ৫০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
পুলিশ জানায়, মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে গাড়ির চালক ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাসিন্দা মিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার হওয়া ফেনসিডিলের চালানের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না। গোয়েন্দা তৎপরতার পাশাপাশি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









