ময়মনসিংহের গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিনের (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) সকালে গৌরীপুর পৌরসভার পশ্চিম ভালুকা এলাকায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে সকাল পৌনে ১০টার দিকে মরহুম বীর মুক্তিযোদ্ধার কফিনে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমার নেতৃত্বে এবং গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানের উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল এ সময় সশস্ত্র সালাম জানায়।
গার্ড অব অনার অনুষ্ঠানে গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার মো. তোফাজ্জল হোসেন, বারহাট্টা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য সচিব নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, মো. রহিমুদ্দিন, আব্দুল কদ্দুছ, আব্দুল মতিনসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টা ১০ মিনিটে নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









