শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে নারায়ণগঞ্জ শহরে মিছিল করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) দুপুরে পরীক্ষা শেষে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে চাষাঢ়া থেকে মিছিলটি শুরু হয়ে বঙ্গবন্ধু সড়ক হয়ে দুই নম্বর রেলগেট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় চাষাঢ়ায় এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এইচএসসি পরীক্ষার্থীদের পদার্থবিজ্ঞান (দ্বিতীয় পত্র), হিসাববিজ্ঞান (দ্বিতীয় পত্র) ও যুক্তিবিদ্যা (দ্বিতীয় পত্র) পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরা অবস্থায় হাতে পরীক্ষা-সামগ্রী নিয়েই মিছিলে অংশ নেন। সমাবেশে হ্যান্ডমাইকে কয়েকজন শিক্ষার্থী বক্তব্য দেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যে তারা অপমানিত ও ক্ষুব্ধ হয়েছেন। তারা বলেন, শিক্ষার্থীদের প্রতি অবমাননাকর মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত। একই সঙ্গে দেশের শিক্ষা ব্যবস্থায় মৌলিক সংস্কারের দাবিও জানান তারা।
সরকারি তোলারাম কলেজের পরীক্ষার্থী ও জাতীয় ছাত্রশক্তির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সাব্বির আল রাজ সমাবেশে বলেন, শিক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্য গ্রহণযোগ্য নয় এবং শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা প্রয়োজন।
এ দিকে কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) শামীম হোসাইন বলেন, পরীক্ষা শেষে শিক্ষার্থীরা সড়কে নেমে এলে পুলিশ তাদের সঙ্গে কথা বলে। পরে তারা সড়ক ছেড়ে শান্তিপূর্ণভাবে মিছিল করেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









