হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক পণ্যবাহী জাহাজের ওপর ২০ শতাংশ টোল আরোপের ঘোষণা থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগ ও বাণিজ্যের প্রতিশ্রুতি পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ তথ্য জানান।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা প্রতিশ্রুতি দিয়েছেন, হরমুজে টোল আরোপ না করলে শিগগিরই যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ বিনিয়োগ ও বাণিজ্য প্রবাহিত হবে। এ প্রতিশ্রুতির পরই টোল আদায়ের পরিকল্পনা থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে ১৩ জুলাই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করবে মার্কিন নৌবাহিনী। এ নিরাপত্তা ব্যয় মেটাতে জাহাজগুলোর কাছ থেকে ২০ শতাংশ হারে টোল আদায় করা হবে।
তবে ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই অবস্থান পরিবর্তন করেন তিনি। ট্রুথ সোশ্যালে দেওয়া নতুন পোস্টে ট্রাম্প বলেন, সম্ভাব্য বিনিয়োগ যুক্তরাষ্ট্রে শিল্প উৎপাদন, কারখানার কার্যক্রম এবং কর্মসংস্থানে ‘ঐতিহাসিক উল্লম্ফন’ ঘটাবে।
যদিও সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ সম্পর্কে তিনি কোনো নির্দিষ্ট তথ্য দেননি, তবে দাবি করেন, এর ফলে দেশজুড়ে লাখ লাখ উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি হবে।
টোল আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহার করলেও হরমুজ ইস্যুতে কঠোর অবস্থান বজায় রেখেছেন ট্রাম্প। তিনি বলেন, হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় মার্কিন নৌবাহিনীর টহল ও নজরদারি অব্যাহত থাকবে।
এছাড়া তিনি দাবি করেন, বিশ্বের অন্যান্য দেশের জাহাজ হরমুজ ব্যবহার করতে পারলেও ইরানের কোনো জাহাজ এই প্রণালি ব্যবহার করতে পারবে না। এমনকি ইরানের জাহাজ বন্দর ত্যাগ বা দেশে ফিরতেও পারবে না বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর সম্পূর্ণ অবরোধ পুনর্বহালের কথাও জানান।
সূত্র : এএফপি, ফার্স্টপোস্ট


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









