শেখ হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে ও দেশের বাইরে ৭৬ হাজার কোটি টাকা আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যন্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন।
বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ২০২৪-২৫ অর্থবছরের প্রতিবেদন প্রকাশকালে এ তথ্য জানান তিনি।
ইখতিয়ারউদ্দিন বলেন, দেশের মধ্যে জব্দ করা হয়েছে ৫৭ হাজার কোটি টাকা। বাকি ১৯ হাজার কোটি টাকা বিদেশি সম্পদ জব্দ করা হয়।
দেশ থেকে চুরি হওয়া সম্পদ উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে বিএফআইইউ প্রধান বলেন, বছরের শেষে সম্পদ উদ্ধারের বিষয়ে সুখবর দিতে পারবো।
তিনি আরও বলেন, আমরা দল-মতের দিকে তাকাই না। সন্দেহজনক হলেই ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়। অন্তর্বর্তী সরকারের কেউ করে থাকলে, সেটাও সামনে আসবে।
অন্তর্বর্তী সরকারের সময়ে শেখ হাসিনা পরিবার এবং ১০ শিল্প গ্রুপের অবৈধ সম্পদ অর্জন, কর ফাঁকি ও অর্থপাচার খতিয়ে দেখতে যৌথ তদন্ত দল কাজ শুরু করে। গ্রুপগুলো হলো- এস আলম, বেক্সিমকো, নাবিল, সামিট, ওরিয়ন, নাসা, বসুন্ধরা, ডা. ইকবালের প্রিমিয়ার, সিকদার ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের আরামিট গ্রুপ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









