চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। এ সময় স্বর্ণ পাচারের অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হাসান জানান, গোপন সংবাদে জানা যায়, দামুড়হুদার মুন্সিপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের চেষ্টা হতে পারে। এ তথ্যের ভিত্তিতে মুন্সিপুর বিওপিকে সতর্ক করা হয় এবং একটি বিশেষ টহলদল মোতায়েন করা হয়।
বুধবার (১৫ জুলাই) ১২ টায় দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলযোগে মুন্সিপুর বিওপির সামনের সড়কে পৌঁছালে সন্দেহভাজন মোঃ মিজানুর রহমান (৬১) কে টহলদল থামায়। স্থানীয় লোকজনের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি কোমরে লুঙ্গির ভাঁজে স্বর্ণ বহন করার কথা স্বীকার করেন।
পরবর্তীতে উক্ত ব্যাক্তিকে তল্লাশি চালিয়ে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৬ লাখ ১ হাজার ২৩০ টাকা। এছাড়া আটককৃত ব্যক্তির কাছ থেকে একটি বাটন মোবাইল এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটককৃত ব্যক্তি মোঃ মিজানুর রহমান (৬১) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লা গ্রামের বাসিন্দা। তিনি মৃত সোলেমান মোল্লার ছেলে। আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল দামুড়হুদা থানায় সোপর্দ এবং উদ্ধারকৃত স্বর্ণ সরকারি নিয়ম অনুযায়ী চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









