পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার (কুট্টি) বড় আউলিয়াপুর ১নং ওয়ার্ডে দুটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
বুধবার (১৫ জুলাই) আনুষ্ঠানিকভাবে তিনি এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি স্থানীয় প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
আজ সকালে বড় আউলিয়াপুর ১নং ওয়ার্ডের মিলন পট্টি এলাকায় অবস্থিত প্রতিবন্ধী স্কুল সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার (কুট্টি)।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের কাছে যান এবং অত্যন্ত আন্তরিক পরিবেশে তাদের পড়াশোনা, সুযোগ-সুবিধা ও বিভিন্ন বিষয়ে দীর্ঘক্ষণ কথা বলেন। শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
এরপর তিনি একই ওয়ার্ডের ‘বায়তুল কারীম জামে মসজিদ’ পরিদর্শনে যান এবং মসজিদটির সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে বরাবরের মতোই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান প্রশাসক।
ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময়কালে জেলা পরিষদ প্রশাসকের সাথে পটুয়াখালী জেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ ছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল প্রমূখ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও এ সময় উপস্থিত হয়ে জেলা পরিষদের এই উন্নয়নমূলক উদ্যোগকে স্বাগত জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









