সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমিনুল ইসলাম লিটন (৪৭) নামে নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক সাবেক নেতার মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত আমিনুল ইসলাম লিটন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চরবেতকান্দি গ্রামের হাজী শামসুল আলমের ছেলে। তিনি বেলতৈল ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ৫ জুলাই একটি মারামারি ও বিস্ফোরক মামলার আসামি হিসেবে আমিনুল ইসলাম লিটনকে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার সকালে কারাগারের ভেতর তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জেল সুপার রফিকুল ইসলাম জানান, হাসপাতালের আনুষ্ঠানিকতা ও ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলেই লিটনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









