লক্ষ্মীপুরের রায়পুরে শিরিন আক্তার (৩৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজসংলগ্ন এলাকার একটি বাসা থেকে শিরিন আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শিরিন আক্তার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব আলোনিয়া গ্রামের বাসিন্দা এবং সৌদি প্রবাসী ফেরত বশির আহম্মেদের স্ত্রী। সে এক কন্যাসন্তানের জননী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে বশির আহম্মেদ রায়পুর পৌরসভার মধুপুর এলাকায় একটি বহুতল ভবন নির্মাণ করেন। দুই মাস আগে তিনি সৌদি আরব থেকে দেশে ফেরেন। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। বিষয়টি একাধিকবার পারিবারিকভাবে মীমাংসা করা হলেও মঙ্গলবার (১৪ জুলাই) রাতে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
পরদিন সকাল ১০টার দিকে প্রতিবেশীরা শিরিনকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন। পরে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্বজনরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
পুলিশ হেফাজতে থাকা স্বামী বশির আহম্মেদ দাবি করেন, সামান্য বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। পরে শিরিন অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় তার কোনো সংশ্লিষ্টতা নেই বলেও তিনি দাবি করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম ভূঁইয়া বলেন, ‘‘জিজ্ঞাসাবাদের জন্য বশির আহম্মেদকে আটক করা হয়েছে। শিরিনের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









