শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) দুপুরে শহরের সিও অফিস মোড়ে কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে সড়ক অবরোধ করেন।
এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
কর্মসূচির একপর্যায়ে জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ঘটনাস্থলে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবির প্রতি সমর্থন জানান। পরে তাদের আহ্বানে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ প্রত্যাহার করলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
এ সময় পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, “আমরা ছাত্রদল শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি সম্মান জানাই। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা তাদের পাশে আছি। তবে আন্দোলন যেন শান্তিপূর্ণ থাকে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বা সরকারের বিরুদ্ধে কোনো উসকানিমূলক পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়েও শিক্ষার্থীদের অনুরোধ করেছি।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









