আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট রাজধানীর বাংলামোটর থেকে সংসদ অভিমুখে পদযাত্রা শুরু করেছে।
রবিবার (৩০ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে ‘বাংলাদেশ গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি’র ব্যানারে এ পদযাত্রা শুরু হয়। কর্মসূচি শেষে সংসদে গিয়ে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে।
স্মারকলিপিতে অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের প্রতিবেদনে দেওয়া সুপারিশগুলো কোনো ধরনের পরিবর্তন ছাড়াই হুবহু আইনে পরিণত করার দাবি জানানো হবে। পাশাপাশি বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের রাষ্ট্রীয় মর্যাদাসহ আরও কয়েকটি দাবি তুলে ধরা হবে।
পদযাত্রায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীসহ ১১ দলের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে বিকেল ৩টার দিকে বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারের সামনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান। বক্তব্যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কঠোর সমালোচনা করেন। একই সঙ্গে সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত গুম প্রতিরোধ অধ্যাদেশ দ্রুত আইনে পরিণত করার দাবি জানান। সেখানে আখতারুজ্জামানসহ আরও কয়েকজন বক্তব্য দেন।
সমাবেশের সমাপনী বক্তব্যে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ কর্মসূচির প্রতি সংহতি জানান। তিনি বলেন, পদযাত্রাটি সংসদের সামনে গিয়ে শেষ হবে। এরপর একটি প্রতিনিধিদল সংসদে গিয়ে স্পিকারের কাছে স্মারকলিপি দেবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









