পাবনা শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধানে তিনটি গুরুত্বপূর্ণ সড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাব দিয়েছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এ লক্ষ্যে প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা ও নকশা প্রণয়নের কাজ শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে চকছাতিয়ানী মসজিদ থেকে চকছাতিয়ানী কবরস্থান হয়ে বালিয়াহালট মডেল মসজিদের সামনে পাবনা-ঈশ্বরদী মহাসড়ক পর্যন্ত সড়ক সম্প্রসারণ করা হবে। দ্বিতীয় ধাপে চাঁদমারী মোড় থেকে পৈলানপুর মোড় হয়ে পাওয়ার হাউস মোড় পর্যন্ত এবং তৃতীয় ধাপে বাস টার্মিনাল, মুজাহিদ ক্লাব, অনন্ত সিনেমা হল ও হামিদ রোড হয়ে গাছপাড়া মোড় পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাব রয়েছে।
নগরীর প্রধান সড়কগুলোতে প্রতিদিন, বিশেষ করে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের সময়, তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। সংশ্লিষ্টদের মতে, প্রস্তাবিত সড়কগুলো বাস্তবায়িত হলে শহরের যান চলাচল অনেকটাই স্বাভাবিক হবে।
পাবনা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির বলেন, সংসদ সদস্যের এই উদ্যোগ সময়োপযোগী এবং দ্রুত বাস্তবায়িত হলে জেলার মানুষ উপকৃত হবে।
পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার বলেন, জেলা প্রতিষ্ঠার পর থেকে হামিদ রোডে উল্লেখযোগ্য সম্প্রসারণ না হওয়ায় বর্তমান জনসংখ্যা ও যানবাহনের চাপ সামলানো কঠিন হয়ে পড়েছে। তিনি পরিকল্পিত রিকশা স্ট্যান্ড স্থাপনের ওপরও গুরুত্বারোপ করেন।
বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন বিশ্বাস রানা বলেন, চার লেন প্রকল্প বাস্তবায়িত হলে বিসিক শিল্পনগরীর ভারী যানবাহন বাইপাস সড়ক ব্যবহার করতে পারবে, ফলে শহরের যানজট উল্লেখযোগ্যভাবে কমবে।
পাবনা জেলা মহিলা দলের সভানেত্রী পূর্ণিমা ইসলাম বলেন, বাস টার্মিনাল থেকে গাছপাড়া পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত হলে প্রতিদিনের যানজট থেকে সাধারণ মানুষ স্বস্তি পাবে।
এদিকে স্থানীয় রিকশা, অটোরিকশা, সিএনজি, টেম্পু ও বাসচালকসহ ব্যবসায়ীরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, দুই শতাধিক বছরের পুরোনো এই জেলার প্রধান সড়ক হামিদ রোড যানজটের কারণে কার্যত অচল হয়ে পড়েছে। বিষয়টি সরকারের নজরে আনা হয়েছে এবং শিগগিরই স্টেকহোল্ডার সভা শেষে প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে।
পাবনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনসুরুল আজিজ জানান, সংসদ সদস্যের উদ্যোগে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। বিদ্যুৎ বিভাগে চিঠি দেওয়া হয়েছে এবং বর্তমানে সড়কের নকশা প্রণয়নের কাজ চলছে।
সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাস্তবায়নের জন্য কারিগরি সমীক্ষা, ভূমি অধিগ্রহণ, প্রশাসনিক অনুমোদন ও পর্যাপ্ত অর্থায়নের প্রয়োজন হবে। সরকারের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে প্রকল্পটি বাস্তবায়িত হলে পাবনা শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার উল্লেখযোগ্য সমাধান হতে পারে।।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









