বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম বলেছেন, তাঁত শিল্পের হারানো ঐতিহ্য ফিরে পেতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। আড়াইহাজারে ১২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার উদ্বোধন নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা সদরে এই প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, আড়াইহাজার একটি তাঁতপ্রধান এলাকা। ১৯৮৭ সালে এখানে বেসিক সেন্টারের যাত্রা শুরু হয়। বর্তমানে এই কার্যক্রমের আওতায় ২ হাজার ৬৬০ জনকে আড়াই কোটি টাকা সহজ শর্তে ঋণ দেওয়া হয়েছে। দেশের তাঁত, জামদানি, বেনারসি ও পাট শিল্পকে আরও সমৃদ্ধ করতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, "হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী জিআই পণ্যগুলোকে বাঁচিয়ে রাখতে ও আন্তর্জাতিক বাজারে প্রসার ঘটাতে সরকার কাজ করছে।
এই প্রশিক্ষণ সেন্টারের মাধ্যমে প্রতি বছর ৩০০ জন তাঁতি আধুনিক প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। এছাড়া তাদের উৎপাদিত পণ্য দেশে-বিদেশে বাজারজাতকরণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।" সব তাঁতি এবং উদ্যোক্তাদের বকেয়া ঋণ পরিশোধের আহ্বান জানিয়ে তিনি আগামী বছর ঋণের পরিধি আরও বাড়ানোর আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন, "সরকার দেশের ঐতিহ্যবাহী তাঁত ও বস্ত্র শিল্পের উন্নয়নে নতুন জোয়ার সৃষ্টি করবে। এর মাধ্যমে নারায়ণগঞ্জের তাঁত ও জামদানি শিল্পের হারানো ঐতিহ্য আবার ফিরে আসবে। প্রয়োজনে তাঁতিদের সমৃদ্ধ করতে সরকার আরও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করবে।"
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফউদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা বিএনপির সভাপতি মো. ইউছুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহাম্মেদ, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালিমসহ হস্তান্তরিত বিভাগের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









