মৌলভীবাজারের জুড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ হাসিনা বেগম (৩৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১৫ জুলাই) জুড়ী থানার উত্তর সাগরনাল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হাসিনা বেগম ওই গ্রামের এনামুল হক জিলিমের স্ত্রী। বৃহস্পতিবার (১৬ জুলাই) মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার জুড়ী থানার উত্তর সাগরনাল এলাকায় এনামুল হক জিলিমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে একটি লেডিস পার্সের ভেতর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ঘরের ভেতর একটি প্লাস্টিকের কৌটায় থাকা দুটি পলি প্যাক থেকে আরও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ৪০০ পিস ইয়াবার ওজন প্রায় ৪০ গ্রাম।
অভিযান চলাকালে হাসিনা বেগমকে গ্রেপ্তার করা সম্ভব হলেও তার স্বামী এনামুল হক জিলিম (৩৮) কৌশলে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জুড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









