সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারাণীর শুভ রথযাত্রা সাতক্ষীরার শ্যামনগরে মহাসমারোহে পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) শ্রী শ্রী গোপালপুর রাধাগোবিন্দ মন্দিরে এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
উৎসবের অংশ হিসেবে সকালে বিশেষ পূজা, গীতাপাঠ, কীর্তন ও ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারাণীর সুসজ্জিত রথ টেনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গোপালপুর রাধাগোবিন্দ মন্দিরে থেকে বের হয়ে নকিপুর হরিতলা সার্বজনীন মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
রথযাত্রায় নারী, পুরুষ, শিশু ও বিভিন্ন বয়সী হাজারো ভক্ত-অনুরাগী অংশ নেন। শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ভক্তরা রথের দড়ি টেনে নিজেদের সৌভাগ্য ও পুণ্য অর্জনের আশায় অংশগ্রহণ করেন।
শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির-এর অধ্যক্ষ শ্রীপাদ কৃষ্ণ সখা দাস ব্রহ্মচারীর সার্বিক পরিচালনায় রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী।
এ সময় অন্যদের মধ্যে শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিষ্ণুপদ মন্ডল, সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী, বাংলাদেশ মতুয়া সংঘের সাতক্ষীরা জেলার সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জী, বাংলাদেশ হিন্দু পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনোদীপ মন্ডল, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহ্বায়ক অনাথ মন্ডল, সদস্য সচিব উৎপল মন্ডল, পুজা ফ্রন্টের সভাপতি দেবব্রত চ্যাটার্জিসহ হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া সোনামুগারী রাশ মন্দির ও বল্লভপুর সার্বজনীন দুর্গা মন্দির কমিটির পক্ষ থেকে রথ উৎসব উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়।
উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো অনুষ্ঠানজুড়ে দায়িত্ব পালন করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









