সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) এ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্ত-অনুরাগী, নারী-পুরুষ, শিশু-কিশোর ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা, কীর্তন এবং রথযাত্রাকে ঘিরে সাচনাবাজার এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। অনুষ্ঠানের শুরুতে শাস্ত্রীয় বিধান অনুযায়ী শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার বিশেষ পূজা, আরতি এবং মঙ্গল প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে সুসজ্জিত রথে দেববিগ্রহ প্রতিষ্ঠা করে ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য রথযাত্রা বের করা হয়।
আয়োজক কমিটির ধর্মীয় নেতা সীতেশ রায় চৌধুরী জানান, রথযাত্রা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধেরও প্রতীক। প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উৎসব সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন সংগঠন সার্বিক সহযোগিতা করেছে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন ধর্মের মানুষ উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন।
বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাধীনভাবে পালন করে আসছেন। এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









