মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে শহরের বিভিন্ন সড়কে বর্ণাঢ্য রথযাত্রা অনুষ্ঠিত হয়।
এতে নারী, পুরুষ, শিশু ও তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো শহর উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে।
শহরের হবিগঞ্জ রোডস্থ শ্রীশ্রী জগন্নাথদেবের আখড়া প্রাঙ্গণ থেকে প্রধান রথযাত্রা বের হয়। একই সময় শহরতলীর সবুজবাগ নিতাই গৌর (ইসকন) মন্দিরসহ উপজেলার বিভিন্ন মন্দির থেকেও পৃথক পৃথক রথযাত্রা অনুষ্ঠিত হয়।
উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে সুসজ্জিত রথে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রার বিগ্রহ স্থাপন করে ভক্তরা রশি টেনে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
রথযাত্রা উপলক্ষে শহরের হবিগঞ্জ রোড এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। শোভাযাত্রার নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কের দুই পাশে অস্থায়ী দোকান ও অন্যান্য স্থাপনা বসানোয় নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
সনাতনী রীতি অনুযায়ী, রথযাত্রা শুরুর পর শুক্রবার (২৪ জুলাই) উল্টো রথযাত্রার (ফিরতি রথ) মধ্য দিয়ে এ বছরের উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









