পাবনায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল। রোমাঞ্চকর এই ফাইনালে পাবনা সদর উপজেলাকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঈশ্বরদী উপজেলা।
শুক্রবার (১৭ জুলাই) বিকালে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ ঘিরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ফুটবলপ্রেমীর উপস্থিতিতে স্টেডিয়াম পরিণত হয় উৎসবের মিলনমেলায়। খেলা শুরুর আগেই দর্শকদের উপচে পড়া ভিড় এবং উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো. আমিনুল হক। তার উপস্থিতিতে দর্শকদের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য এ.কে.এম. সেলিম রেজা হাবিব, মাননীয় সংসদ সদস্য অ্যাড. আরিফা সুলতানা রুমা, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. জহুরুল ইসলাম (বিশু), পাবনা জেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান (হাবিব) এবং জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনার জেলা প্রশাসক জনাব আমিনুল ইসলাম। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা করে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস, পাবনা।
খেলা শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন ঈশ্বরদী উপজেলা দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। একই সঙ্গে রানারআপ পাবনা সদর উপজেলা দলকেও সম্মাননা প্রদান করা হয়।
জমকালো আয়োজন, দর্শকদের ব্যাপক উপস্থিতি এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালের মধ্য দিয়ে সফলভাবে পর্দা নামল ৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









