দৈনিক এদিন পত্রিকায় সংবাদ প্রকাশের পর সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মুসলিম নগর-লাখেরপাড় থেকে জাফলং পর্যন্ত একমাত্র কাঁচা সড়কটি সরজমিন পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৭ জুলাই) ‘দৈনিক এদিন’-এর অনলাইনে এবং শনিবার মূল পত্রিকার ৯ম পৃষ্ঠায় “বৃষ্টি হলেই কাঁধে জল, জাফলংয়ে শিক্ষার্থী-সাধারণ মানুষের দুর্ভোগ তুঙ্গে” শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি প্রশাসনের নজরে এলে সড়কটি পরিদর্শনে যান গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার।
শনিবার (১৮ জুলাই) সড়কটি পরিদর্শনে যান গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সড়কটির বেহাল দশা ও এলাকাবাসীর চরম দুর্ভোগের চিত্র সচক্ষে দেখে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, “গণমাধ্যমে সংবাদ প্রকাশের মাধ্যমে সড়কটির এই চরম জনদুর্ভোগের বিষয়টি আমাদের নজরে এসেছে। সামান্য বৃষ্টিতেই এই কাদা-জলের কারণে শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াতে যে অবর্ণনীয় কষ্ট হচ্ছে, তা সত্যিই দুঃখজনক। জনগণের এই দুর্ভোগ আর দীর্ঘস্থায়ী হতে দেওয়া যাবে না।”
তিনি আরো বলেন, “স্থানীয় এলজিইডি কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে আমরা সড়কটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করলাম। দ্রুততম সময়ের মধ্যে সড়কটি সংস্কার এবং পাকাকরণের জন্য প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা হবে। কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সব ধরনের কার্যকরী পদক্ষেপ নেবে।”
উপজেলা নির্বাহী অফিসারের এমন দ্রুত পদক্ষেপ এবং তাৎক্ষণিক আশ্বাসে ‘দৈনিক এদিন’ পত্রিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী ও শিক্ষার্থীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









