দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সীতাকোটে অবস্থিত আঞ্জুমান আরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার।
সোমবার (২০ জুলাই) সকালে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি, অবকাঠামো, আসবাবপত্র ও পরিবহন ব্যবস্থাসহ সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে ইউএনও বলেন, "প্রতিবন্ধী ব্যক্তি বা শিশুরা সমাজের বোঝা নয়। সঠিক শিক্ষা, প্রশিক্ষণ ও পরিচর্যা নিশ্চিত করা গেলে তারাও সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।"
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া জানান, ২০১৬ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি ৪১ শতাংশ জমির ওপর পরিচালিত হচ্ছে। বর্তমানে এখানে ১৪ জন শিক্ষক ও ১১ জন কর্মচারী কর্মরত আছেন এবং ২২১ জন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থী পড়াশোনা করছে। এছাড়া শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থাও রয়েছে।
এদিকে স্থানীয়রা বিদ্যালয়টিকে দ্রুত এমপিওভুক্ত করার দাবি জানিয়েছেন। তাদের মতে, বিদ্যালয়টি এমপিওভুক্ত হলে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষক-কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









