সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা মাঝেরপাড়া গ্রামে নিখোঁজের প্রায় ১১ ঘণ্টা পর ফারজানা সুলতানা (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন এক নারীকে উত্তেজিত জনতা গণপিটুনি দিলে তিনি নিহত হন।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যা প্রায় ৭টার দিকে কাজলা কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত নারী সুমাইয়া খাতুন (২৬) একই এলাকার আমিরুল ইসলামের স্ত্রী। তিনি ঝালমুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। অপরদিকে, নিহত শিশু ফারজানা সুলতানা কাজলা গ্রামের লতিফ উদ্দিনের মেয়ে এবং কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ফারজানা প্রতিদিনের মতো স্কুলে যায়। স্কুল ছুটি হওয়ার পর সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময়েও তার কোনো সন্ধান না পেয়ে তারা কালিগঞ্জ থানায় অভিযোগ করেন।
অভিযোগের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিরুল ইসলামের বসতঘরের ভেতর থেকে ফারজানার মরদেহ উদ্ধার করে। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা আমিরুলের স্ত্রী সুমাইয়া খাতুনকে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









