রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে একই বিছানায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃতরা হলেন আরিফপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং তাঁর স্ত্রী স্বপ্না বেগম (৩৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা তাদের কোনো সাড়া না পেয়ে ঘরের দরজায় ধাক্কা দেন। দরজাটি ভেতর থেকে আটকানো থাকায় অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে পাশের ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে একই বিছানায় স্বামী-স্ত্রীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি বাঘা থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, “মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে এবং মরদেহের মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
তিনি আরো জানান, “প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ মৃত্যুর রহস্য উদ্ঘাটনে ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









