কুষ্টিয়া সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে উপজেলা পরিষদ এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে মেধাবী শিক্ষার্থী, দুস্থ ও অসহায় পরিবার এবং বিভিন্ন ক্লাবের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা প্রদান করা হয়।
কুষ্টিয়া সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশিদ।
অনুষ্ঠানে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নদীভাঙন, অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণ করা হয়। এর মধ্যে বটতৈল, জিয়ারখী, উজানগ্রাম, হাটশহরিপুর ও কাঞ্চনপুর এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জনপ্রতি দুই বান্ডিল করে ঢেউটিন এবং নগদ ৬ হাজার টাকার চেক দেওয়া হয়।
এছাড়া শিক্ষা ক্ষেত্রে উৎসাহ জোগাতে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ২১ জন মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। দুস্থ ও অসহায় নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নের নারীদের মাঝে সেলাই মেশিন এবং যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে বিভিন্ন ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী (ফুটবল) বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে কুষ্টিয়া সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, কুষ্টিয়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ খান ও কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









