সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের মাহমুদপুর গ্রাম থেকে এক শারীরিক প্রতিবন্ধীর জীবিকার একমাত্র অবলম্বন অটোরিকশা চুরি হয়েছে। এতে স্ত্রী-সন্তান নিয়ে চরম অসহায় অবস্থায় পড়েছেন তিনি।
ভুক্তভোগী বিনয় দেব (৩৮) শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও অটোরিকশা চালিয়ে পরিবারের ভরণ-পোষণ করে আসছিলেন। জানা গেছে, তার একটি পায়ের অর্ধেক অংশ নেই। তবুও কারও কাছে হাত না পেতে কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) ভোরে মাহমুদপুর গ্রামের নিজ বাড়ি থেকে দুর্বৃত্তরা তার অটোরিকশাটি চুরি করে নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে অটোরিকশাটি না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলেও এর কোনো সন্ধান মেলেনি।
বিনয় দেব বলেন, “এই অটোরিকশাটিই ছিল আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। এটি হারিয়ে যাওয়ায় আমি স্ত্রী-সন্তান নিয়ে চরম বিপাকে পড়েছি। কেউ যদি অটোরিকশাটির সন্ধান দিতে পারেন, তাহলে আমার পরিবারটি আবার বাঁচার সুযোগ পাবে।”
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওলিউল্লাহ বলেন, ‘‘বিনয় দেব এ ঘটনায় শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শারীরিক প্রতিবন্ধী এই অটোরিকশা চালকের জীবিকার একমাত্র অবলম্বন চুরি হওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত অটোরিকশাটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









