চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ভিজে থাকা লোহার মই থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের মা-মেয়েসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম (৫০), তাঁর ভাতিজি আশা খাতুন (৩০) এবং আশার শিশুকন্যা মিম খাতুন (৭)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়িটিতে বৃষ্টিতে ভিজে থাকা একটি লোহার মই অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়ে। উক্ত মই দিয়ে ওঠার সময় আশা খাতুন ও তাঁর মেয়ে মিম বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তাদের চিৎকার শুনে বাঁচাতে এগিয়ে এলে হাসিনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ও বারঘোরিয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









