লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিকদের অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা বিজিবির দৃঢ় বাধার মুখে ব্যর্থ হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেলে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীনস্থ পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮৪৫/১-এস হতে ৮৪৫/২-এস এর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত শূন্যরেখা থেকে আনুমানিক ১০০ মিটার ভারতের অভ্যন্তরে কুচবিহার জেলার মেকলিগঞ্জ থানার হাড়িকামাত গ্রামের পানিশালা এলাকায় পূর্বে স্থাপিত বাঁশের খুঁটি সরিয়ে নতুন করে ৩-৪ ফুট উচ্চতার সিমেন্টের খুঁটি স্থাপনের কাজ শুরু করে ভারতীয় ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের পানিশালা-১ ক্যাম্পের সদস্য ও স্থানীয় ভারতীয় নাগরিকেরা।
বিষয়টি নজরে আসামাত্রই পঁয়ষট্টিবাড়ি বিওপির একটি বিজিবি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অনিয়মতান্ত্রিকভাবে খুঁটি স্থাপনে কড়া আপত্তি ও বাধা প্রদান করে। বিজিবির তাৎক্ষণিক বাধা ও শক্ত অবস্থানের মুখে বিএসএফ সদস্য ও ভারতীয় নাগরিকরা কাজ বন্ধ করে উক্ত স্থান ত্যাগ করতে বাধ্য হয়।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়, সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সীমানা সংক্রান্ত যেকোনো বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









