গাজীপুরের আদালত চত্বরের গারদখানা থেকে হ্যান্ডকাফ খুলে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি মোঃ সম্রাট মন্ডলকে (২৮) ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে র্যাব-১ এর পক্ষ থেকে গণমাধ্যমকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,গতকাল সোমবার গভীর রাতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কাশর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১ ও র্যাব-১৪-এর আভিযানিক দল।
র্যাব আরও জানায় গতকাল ২০ জুলাই সোমবার দুপুরে জিএমপি গাজীপুর কোর্ট পুলিশের নিয়ন্ত্রণাধীন গারদখানার রিসিভ ডেস্কে প্রক্রিয়াধীন অবস্থায় কৌশল অবলম্বন করে হ্যান্ডকাফ থেকে হাত বের করে পালিয়ে যায় সম্রাট। এই ঘটনায় তোলপাড় শুরু হলে জিএমপি সদর থানায় দণ্ডবিধির ২২৪ ধারায় একটি মামলা (মামলা নং- ৩৮, তারিখ: ২০/০৭/২০২৬) দায়ের করেন এসআই মঞ্জরুল ইসলাম।
ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় ছায়া তদন্ত শুরু করে র্যাব-১ (পোড়াবাড়ী ক্যাম্প)। পরবর্তীতে সংগৃহীত তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২১ জুলাই রাত ১২টা১০ মিনিটের দিকে ময়মনসিংহ থেকে পলাতক আসামি সম্রাটকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, গত ১৯ জুলাই রাতে গাছা থানাধীন খুনিয়া মধ্যপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে সম্রাটসহ তার তিন সহযোগীকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছিল র্যাব-১। কিন্তু আদালতে হাজির করার সময় সুযোগ বুঝে চম্পট দেয় এই দুর্ধর্ষ আসামি।
র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী (পোড়াবাড়ী ক্যাম্প)-এর কোম্পানী কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









