জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভিডিওকাণ্ডে নতুন করে ‘নীলা’ নামে পরিচিত এক নারীর প্রসঙ্গ সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন কয়েকটি ভিডিওর তথ্যের সঙ্গে এমপির দেওয়া ব্যাখ্যার মিল পাওয়া যাচ্ছে না।
গাজী নজরুল ইসলাম আগে ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেছিলেন, ভিডিওতে থাকা মরিয়ম বেগম তার দ্বিতীয় স্ত্রী। তিনি আরও দাবি করেন, দ্বিতীয় শ্বশুরের অফিসে ধারণ করা ভিডিওটি তার গাড়িচালক—যিনি মরিয়মের মামা—গোপনে ধারণ করেছিলেন।
তবে নতুন প্রকাশিত ভিডিওগুলোর কথোপকথনে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। ভিডিওতে কয়েকজন যুবককে দাবি করতে শোনা যায়, মরিয়ম বেগমকে নিয়ে গাজী নজরুল ইসলাম ‘নীলা’ নামে পরিচিত এক নারীর বাসায় গিয়েছিলেন।
ভিডিওতে উপস্থিত যুবকদের একজনকে বলতে শোনা যায়, ‘এটা নীলার বাসা।’ এ সময় তারা আরও প্রশ্ন করেন, আগে তিনি কতবার সেখানে গিয়েছেন এবং বলেন, কয়েক দিন ধরে তারা তার আসা-যাওয়া লক্ষ্য করছিলেন।
একপর্যায়ে ভিডিওতে গাজী নজরুল ইসলামকে হাতজোড় করে ক্ষমা চাইতে দেখা যায়। তাকে বলতে শোনা যায়, ‘আমাদের ছেড়ে দেন। আমরা অন্যায় করেছি।’ অন্যদিকে, মরিয়ম বেগমকে পুরো ঘটনায় তুলনামূলক শান্ত অবস্থায় দেখা যায় এবং তিনি উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথোপকথনে অংশ নেন।
তবে ভিডিওতে উল্লেখ করা ‘নীলা’ নামের ওই নারীর পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওতে থাকা ব্যক্তিদের বক্তব্য অনুযায়ী, ঘটনাটি ঢাকার কোনো একটি স্থানে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









