যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক এবং প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকের কার্যালয়ে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইমরান হোসেন। অপরদিকে প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাইজিং বিডি’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইমদাদুল ইসলাম।
উপ-নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মো. হামিদুর রহমান এবং তথ্য কর্মকর্তা মো. নাজমুল হোসাইন।
দুইটি পদের বিপরীতে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শেষে বিকেল ৩টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
উল্লেখ্য, যবিপ্রবিসাসের ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক ডেইলি এশিয়ান এইজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শেখ সাদী ভূঁইয়া ব্যক্তিগত কারণে অব্যাহতি নেওয়ায় পদটি শূন্য হয়ে পড়ে। পরবর্তীতে সাধারণ সম্পাদক পদে উপ-নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে প্রচার ও প্রকাশনা দপ্তরের সম্পাদক মো. ইমরান হোসেন নিজ পদ থেকে পদত্যাগ করেন। ফলে সাধারণ সম্পাদক এবং প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক উভয় পদই শূন্য হয়। এসব শূন্য পদে এ উপ-নির্বাচনের আয়োজন করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









