বগুড়ার কাহালু উপজেলায় পুকুরে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা আদর্শ গুচ্ছগ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। একসঙ্গে তিন শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলো—ফাহিম (৮), পিতা মো. ফারুক মণ্ডল; সুরাইয়া খাতুন (৬), ফাহিমের ছোট বোন; এবং জাকিরুল ইসলাম (৬), প্রতিবেশী রাশেদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে তিন শিশু। একপর্যায়ে তারা পানির গভীরে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনুসন্ধান শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় দুই শিশুকে উদ্ধার করা হলেও তখন তারা আর জীবিত ছিল না।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে অপর শিশুর মরদেহ উদ্ধার করেন।
ঘটনার খবর পেয়ে কাহালু থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়।
একসঙ্গে তিনটি নিষ্পাপ শিশুর মৃত্যুতে ভালতা আদর্শ গুচ্ছগ্রাম জুড়ে শোকের মাতম নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









