সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার চেলা নদীর শাখা চৈলতার ঢালা থেকে অবৈধভাবে নদীর পাড় কেটে বালু উত্তোলনের অভিযোগে ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। একই মামলায় আরও ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে চেলা নদীর শাখা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। স্থানীয়দের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত একাধিকবার সরেজমিন পরিদর্শনে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বাদী হয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর সংশ্লিষ্ট ধারায় ছাতক থানায় মামলা দায়ের করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









