বলিউড অভিনেত্রী বিপাশা বসু দীর্ঘদিন ধরে ফিটনেস ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে নারীদের উৎসাহিত করে আসছেন। তবে মাতৃত্বের পর নারীদেহের পরিবর্তন, সৌন্দর্য ও ওজন নিয়ে সমাজের অবাস্তব প্রত্যাশা এবং সামাজিক মাধ্যমে ট্রলিং নিয়ে এবার সরব হয়েছেন তিনি।
‘এল ইন্ডিয়া’ ম্যাগাজিনের কাভার শুটিংয়ে নিজের মা হওয়ার পরের অভিজ্ঞতা তুলে ধরেন বিপাশা। সন্তান জন্মের পর শারীরিক পরিবর্তনের কারণে তাকে যেভাবে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল, সে বিষয়েও খোলামেলা কথা বলেন অভিনেত্রী।
২০২২ সালের ১২ নভেম্বর স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে প্রথম সন্তান, কন্যা দেবী বসু সিং গ্রোভারকে স্বাগত জানান বিপাশা। মা হওয়ার পর তার শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় তাকে।
এ প্রসঙ্গে বিপাশা বলেন, ‘নারীদেহ নিয়ে আলোচনাগুলো এখনো বড্ড অদ্ভুত!’ তার ভাষ্য, মা হওয়ার পর ৪০ বছর বয়সে পৌঁছেও একজন নারীর কাছে প্রত্যাশা করা হয়, তিনি যেন অলৌকিকভাবে আবার ২০ বছরের তরুণীর চেহারায় ফিরে যান। অথচ একজন নতুন মা সন্তান, পরিবার ও নিজের জীবন সামলাতে কতটা পরিশ্রম করছেন, সেটি সমাজের নজরে আসে না।
অভিনেত্রীর মতে, একজন নারীর পুরোনো চেহারায় দ্রুত ফিরে আসাটাকেই যেন সমাজ সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। তার মাতৃত্বের পরিশ্রম ও শারীরিক পরিবর্তনের বাস্তবতাকে খুব কম মানুষই বোঝার চেষ্টা করেন।
পাপারাজ্জিদের অসংবেদনশীল আচরণ এবং সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্যের মুখোমুখি হলেও নিজের আত্মবিশ্বাস ধরে রেখেছেন বিপাশা। তিনি বলেন, ‘‘আমি অত্যন্ত আত্মবিশ্বাসী একজন মানুষ। কোনো ট্রল আমাকে ভাঙতে পারবে না।’’
বাইরের কোনো নেতিবাচক মন্তব্য বা কোলাহল তাকে প্রভাবিত করতে পারে না বলেও জানান অভিনেত্রী। নিজের পথচলা কতটা কঠিন ছিল, সেটি তিনি জানেন এবং কখন কী করতে হবে, সে সিদ্ধান্তও নিজেই নিতে পারেন বলে জানান।
২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমার সেটে করণ সিং গ্রোভারের সঙ্গে প্রথম পরিচয় হয় বিপাশা বসুর। পরের বছর, ২০১৬ সালের এপ্রিলে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা।
কাজের ক্ষেত্রে বিপাশাকে সর্বশেষ দেখা গেছে এমএক্স প্লেয়ারের ওয়েব সিরিজ ‘ডেঞ্জারাস’-এ। এটি ছিল তার ওটিটিতে অভিষেক। বর্তমানে বড় পর্দা থেকে কিছুটা দূরে থাকলেও কন্যা দেবীকে নিয়ে সংসার ও নিজের জীবন উপভোগ করছেন এই অভিনেত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









